বাংলাদেশ এখন সৌরবিদ্যুতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে রয়েছে। বিশেষ করে ভারত ও পাকিস্তান সৌর ও বায়ু বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের চাপ কমাতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ দীর্ঘদিন এ খাত থেকে বঞ্চিত ছিল। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান সৌর ও বায়ু বিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন সৌরবিদ্যুতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নীতিগত সহায়তা। নবায়নযোগ্য জ্বালানি খাতকে দ্রুত এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির বৈঠক হয়েছে এবং নীতিমালার ভিত্তি চূড়ান্ত করা হয়েছে। সরকার সঠিক নীতিগত সহায়তা দিলে এই খাতে বিপ্লব ঘটানো সম্ভব।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সরকার এমন নীতি আনতে চায় যাতে উদ্যোক্তাদের করের চাপ কমে এবং তারা সাশ্রয়ীভাবে সোলার প্রকল্প বাস্তবায়ন করতে পারেন। আশা করা হচ্ছে, চলতি মাসের মধ্যেই একটি নীতিমালা চূড়ান্ত হবে এবং জুনের মধ্যে তা মন্ত্রিসভায় অনুমোদনের পর সরকারি আদেশ হিসেবে জারি করা হবে।

সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে জোরালোভাবে কাজ করছে বলেও জানান তিনি।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও তুলে ধরে মন্ত্রী বলেন, বেসরকারি উদ্যোক্তারা ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে ভবন মালিককে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন। মাস শেষে নেট মিটারিংয়ের মাধ্যমে বিল সমন্বয় করা হবে এবং ভবন মালিককেও একটি অংশ দেওয়া হবে। এতে উদ্যোক্তাদের জন্য এটি লাভজনক খাতে পরিণত হবে এবং রাজধানীর বিদ্যুতের চাপও অনেকটা কমে আসবে।

15 thoughts on “বাংলাদেশ এখন সৌরবিদ্যুতে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *